চাঁপাইনবাবগঞ্জে জিহাদি বইসহ জেএমবির তিন গায়রে এহ্সার সদস্যকে আটক করেছে র্যাব-৫। শনিবার রাত ৩টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একটি আমবাগানে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো শিবগঞ্জ উপজেলার ধোবড়া মতিবাজার গ্রামের আজিবুল হক (৫৩) ও একই গ্রামের সাইদুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আইনাল হকের ছেলে তাজামুল হক (৪৬)।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার সুন্দরপুর ইউপি’র কামারদহ এলাকায় একটি আমবাগানে গোপন বৈঠকের সময় সেখানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আজিবুল হক ও সাইফুল ইসলামকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে অপর জেএমবি সদস্য তাজামুল হককে আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকৃতদের কাছ থেকে চারটি জিহাদি বই, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা এবং ঘটনাস্থল থেকে পলাতক অন্যরা সবাই জেএমবির গায়রে এহসার সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।








