ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলাকারীদের শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘট চলছে। এর আগে রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের ডাক দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষিত ধর্মঘট অনুযায়ী প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা সোমবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এরপর ৮টা ১০ মিনিটে তারা ক্যাম্পাসের বাস আটকে দেয়। এতে সকালের প্রথম ট্রিপের শিডিউল বাসগুলো ক্যাম্পাস ছেড়ে যেতে পারেনি। এরপর সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে তাদের সরিয়ে দেওয়ার জন্য প্রক্টর পুলিশকে নির্দেশ দেয়। এরপর পুলিশ তাদের চলে যেতে বললে তারা সেখান থেকে চলে আসে।
ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ধর্মঘট সফল করতে সকালের প্রথম ট্রিপের বাস বন্ধ করে দিই। পরবর্তী শিডিউলের বাস বন্ধ করার জন্য প্রশাসন ভবনের সামনে অবস্থান করছিলাম। এসময় বহিরাগত ছাত্রলীগ ও সরকারদলীয় কর্মকর্তারা আমাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর প্রক্টর পুলিশ দিয়ে আমাদের সেখান থেকে সরিয়ে দেয়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘সকালে তারা বাস বন্ধ করে দিয়েছিল। আমি তাদের বাস বন্ধ করে সহিংস রাজনীতি বাদ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি করতে অনুরোধ জানাই। কিন্তু তারা সেটা মানতে রাজি ছিল না। এরপর আমাদের বাস বিকল্প রাস্তা দিয়ে ক্যাম্পাস ছেড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়।’
এদিকে, ধর্মঘট চলাকালে প্রগতিশীল নেতাকর্মীদের বাধা দেওয়ার প্রতিবাদে আজ সোমবার ১২টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।








