বগুড়া শহরের পৌর পার্কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিন কলেজছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনার পর তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মন্ডল এ খবর নিশ্চিত করেছেন।
আহতরা হলো ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মিশু (২৭), একই উপজেলার সুলতানহাটা গ্রামের আজিজুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৭) ও বড়বিলা গ্রামের ইয়ার আলীর ছেলে রোমান (২৫)।
পুলিশের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আজিজ মন্ডল জানান, মিশু, শফিকুল ও রোমান সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তারা শহরের পৌর পার্কে বসে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত তিন ছাত্রকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
পুলিশের এই কর্মকর্তা জানান, হামলাকারীরা ছিনতাইকারী না দুর্বৃত্ত তা নিশ্চিত হওয়া যায়নি।








