রাজশাহীতে বুধবার পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এরমধ্যে পুঠিয়া উপজেলার বেলপুকুর থানায় ট্রেন দুর্ঘটনায় দু’জন এবং তানোরে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- পথচারী কোরবান মণ্ডল (৭৫), ভিক্ষুক সামসুল আলম (৬০) ও পান ব্যবসায়ী নূর আলী (৫৫)।
রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার পরিদর্শক (তদন্ত) কবিরুল ইসলাম জানান, বুধবার বিকালে রাজশাহী থেকে পার্বতীপুর যাচ্ছিল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। এ সময় বেলপুকুর রেলক্রসিংয়ে গেট ফেলা হয়। কিন্তু পথচারী কোরমান মণ্ডল তা খেয়াল না করে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ভিক্ষুক সামসুল আলম তাকে বাঁচাতে এগিয়ে যান। এ সময় ট্রেন চলে আসায় দুজনই কাটা পড়েন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
এদিকে, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, বুধবার সকালে ব্যবসায়ী নূর আলী (৫৫) পান কেনার জন্য বাড়ি থেকে সাইকেলে মোহনপুর যাচ্ছিলেন। পথে মোহনপুর-তানোর সড়কের বুরুজ ব্রিজের কাছে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি রেজাউল ইসলাম আরও জানান, এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক শনাক্ত করা গেলে চালককে ওই মামলায় গ্রেফতার করা হবে।








