পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের কোনও এক সময় তাকে হত্যা করা হয়।
নিহত আব্দুর রশিদ বিশ্বাস (৫৫) কোলাদি গ্রামের বাসিন্দা। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রবিবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে আব্দুর রশিদের গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।








