পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল আলম পিন্টু হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের আট দিন পর পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুই আসামি হলো রাকিব হাসান বৃত্ত ও ইমন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আসামি ইমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইমন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে সে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল পাকশীর রূপপুরে পাকার মোড় এলাকায় ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী পিন্টুকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ এপ্রিল সোমবার পিন্টুর মৃত্যু হয়। এ ঘটনায় পিন্টুর বাবা আজাদ আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।








