এবারের নির্বাচনের মাঠে ফাউল খেললে জনগণ আপনাদের (বিএনপি) লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা খালি মাঠে গোল দিতে চাই না। আগামী ডিসেম্বরের নির্বাচনে ফাইনাল খেলা হবে, সাহস থাকলে মাঠে আসুন। এ নির্বাচন থেকে পালিয়ে যাবেন না।’
রবিবার (২২ এপ্রিল) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় রূপান্তরিত ও ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে দেশে হয় জঙ্গিবাদ, নয়তো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমরা জেলে পাঠাইনি। দুর্নীতির কারণে আইন ও আদালতের মাধ্যমে তিনি জেলে গেছেন। এক্ষেত্রে সরকারের কোনও হাত নেই। তাকে মুক্তির জন্য হুমকি দিয়ে লাভ নেই। আদালতের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে।’
অনুষ্ঠানে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য হাবিবর রহমান সভাপতিত্ব করেন। শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রসাশক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, সিভিল সার্জন ডা. শামছুল হক, শেরপুর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।








