জয়পুরহাটে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ০২:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ০২:৩৭

জয়পুরহাট চিকিৎসকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে জয়পুরহাট শহরের একটি বেসরকারি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। ওই ক্লিনিকে কর্তব্যরত জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. পারভিন আক্তারের বিরুদ্ধে তারা এই অবহেলার অভিযোগ এনেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক। স্থানীয় সিভিল সার্জন বলছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জয়পুরহাট শহরের বেসরকারি ক্লিনিক কমল মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে। জানা যায়, অন্তঃসত্তা হওয়ার পর থেকেই ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে মৌসুমী আক্তার (২২) চিকিৎসা নিয়ে আসছেন গাইনি বিশেষজ্ঞ ডা. পারভিন আক্তারের তত্ত্বাবধানে। মৌসুমী থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের থাইরয়েড বিশেষজ্ঞের কাছে চিকিৎসাও নিয়েছেন।
প্রসূতির পরিবারের অভিযোগ, থাইরয়েডের রোগী মৌসুমীর স্বাভাবিক প্রসবের সম্ভাবনা না থাকায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রসবের পরামর্শ দেন ডা. পারভিন আক্তার। তার পরামর্শ অনুযায়ী মৌসুমীকে শুক্রবার ভর্তি করা হয় বেসরকারি ক্লিনিক কমল মেমোরিয়াল হাসপাতালে। থাইরয়েডের সমস্যা থাকায় অস্ত্রোপচারে ঝুঁকি থাকতে পারে— এমন আশঙ্কায় স্বজনরা মৌসুমীকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার কথা জানালেও অভয় দেন ডা. পারভিন। তার পরামর্শেই শনিবার দুপুর আড়াইটায় অস্ত্রোপচারের জন্য মৌসুমীকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এ সময় অ্যানেস্থেশিয়া দিতে উপস্থিত ছিলেন ডা. রাসেল।
মৌসুমীর স্বজনরা অভিযোগ জানিয়ে বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেওয়ার এক ঘণ্টা পর অজ্ঞান অবস্থায় মৌসুমীকে ক্লিনিকের একটি বেডে রাখা হয়। কিছুক্ষণ পর স্বজনরা মৌসুমীর মুখমণ্ডল কালো দেখতে পান। এ সময় চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। পরে ক্লিনিকের দায়িত্বরত নার্সসহ অন্যরাও গা ঢাকা দেয়। সন্ধ্যা ৬টার দিকে ক্লিনিকের এক নার্স এসে জানান, মৌসুমীর মৃত্যু হয়েছে।
মৌসুমীর মৃত্যুর খবর পাওয়ার পর স্বজনরা ভিড় করেন ক্লিনিকে। খবর পেয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল হকসহ পুলিশ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত হন সেখানে। রাত ৮টার দিকে স্বজনরা মৌসুমীর মরদেহ বাড়ি নিয়ে যান।
মৌসুমীর মামা অ্যাডভোকেট আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘থাইরয়েডের কারণে মৌসুমীর অস্ত্রোপচারে ঝুঁকির আশঙ্কা থাকায় আমরা তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে নেওয়ার প্রস্তাব করেছিলাম। কিন্তু ডা. পারভিন বলেছেন, কোনও সমস্যা হবে না। তার আশ্বাস পেয়েই আমরা ওই ক্লিনিকে অস্ত্রোপচারে সম্মতি জানাই। কিন্তু ডা. পারভিনের অবহেলা, দায়িত্বহীনতা ও অর্থলিপ্সার কারণেই আমার ভাগ্নিকে অকালে প্রাণ হারাতে হলো।।’
এ ঘটনায় চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির জন্য সিভিল সার্জনের কাছে অভিযোগ দায়ের করার কথা জানান অ্যাডভোকেট আমিনুর রহমান।
মৌসুমীর স্বজনদের অভিযোগ অস্বীকার করে ডা. পারভিন সাংবাদিকদের বলেন, ‘ঝুঁকি থাকায় প্রসূতিকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও স্বজনরা আমার পরামর্শ শোনেননি। তাদের অনুরোধেই অস্ত্রোপচার করি।’
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্লিনিকে হামলা বা ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সে কারণেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আর স্বজনরা প্রসূতির মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করলেও থানায় কোনও অভিযোগ করেননি।’
জানতে চাইলে জয়পুরহাটের সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রসূতি মৃত্যুর কথা শুনেছি। এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে দোষ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন-
পুলিশের ওপর হামলা, হত্যা মামলার দুই আসামি ছিনতাই
নকল ও প্রশ্নপত্র ফাঁস ’৯১ সাল থেকে শুরু হয়েছে: কৃষিমন্ত্রী

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের