রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে কর্মচারীরা। এসময় তারা কয়েক মিনিটের জন্য রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে রুয়েটের প্রশাসন ভাবনের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি তালাইমারী মোড় হয়ে রুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে মহাসড়ক অবরোধ করে। এর কয়েক মিনিট পরই পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এরপর তারা প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ করে। এসময় রুয়েটের কর্মচারীরা আবদুস সালামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে পারেনি। এছাড়া রুয়েট অরক্ষিত এলাকা। এখানে কর্মচারীদের কোনও নিরাপত্তা নেই। বহিরাগতদের আনাগোনা বেশি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরতে হবে, রুয়েট ক্যাম্পাসে আলোর ব্যবস্থা করতে হবে,সিসিটিভ ক্যামেরা স্থাপন করতে হবে,পরবর্তিতে গার্ড নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য সোমবার রাত সাড়ে ৯টার দিকে রুয়েট ক্যাম্পাসের শেখ হাসিনা হলের সামনে বাসচালক আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দুই সপ্তাহ আগে আব্দুস সালাম গাড়ির সহকারী থেকে চালক হিসেবে পদন্নতি পান। নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান আরও বলেন,‘নিহতের ছেলের সঙ্গে স্থানীয়দের বিরোধের জের ধরে হামলা ও আব্দুস সালামের পদন্নতির বিষয়টি গুরুত্ব দিয়ে মামলার তদন্ত চলছে।’
তিনি আরও বলেন,‘২০১৪ সালে আব্দুস সালামের ছেলে পলাশের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মারামারি হয়। ওই ঘটনায় পলাশ বাদী হয়ে একটি মামলা করে। গত রবিবার ওই মামলার সাক্ষী দেন আব্দুস সালাম। এর পরদিনই এ খুনের ঘটনা ঘটে।’








