বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ি ইউপি চেয়ারম্যান উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী অতিকুল করিম আপেল (ধানের শীষ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন।
মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।ধুনট উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী অতিকুল করিম আপেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী বেলাল হোসেন বাবু (মোটরসাইকেল) পেয়েছেন, ৩ হাজার ২৯৯ ভোট। আওয়ামী লীগ প্রার্থী গোলাম সরওয়ার (নৌকা) পেয়েছেন ১ হাজার ১৬৬ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ ভান্ডারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন শ্যামল তালুকদার মারা যান। গত ২১ মার্চ ওই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়ে।








