অটোচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের এক ছাত্রী। গত শনিবার (২ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। রবিবার (৩ জুন) ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।
অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে খালেদা জিয়া হলের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে আসার সময় অটোচালকের (রীতা পরিবহন) কাছে যৌন হয়রানির শিকার হই। অনতিবিলম্বে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে বাধিত করবেন।’
ভুক্তভোগী ছাত্রী জানায়, চারুকলা থেকে আবাসিক হলে একাই ফিরছিলেন তিনি। খালেদা জিয়া হলের কাছে পেছন থেকে আসা এক অটোচালক তার ওড়না ধরে টান দেন। এরপর অটোচালক ওই ছাত্রীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করেন। পরে ওই ছাত্রী সেখানে দাঁড়ালে অটোচালক দ্রুত সেখান থেকে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, ‘আমি পুলিশ এবং সিটি করপোরেশনকে জানিয়েছি, যেন ওই অটোচালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়।’
মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের বিষয়টি জানিয়েছেন। আমরা দ্রুত ওই অটোচালককে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করবো।’








