মাদকের টাকা না পেয়ে বড় ভাই নুরুন্নবী হোসেনের জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছোট ভাই ও সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান নয়নের বিরুদ্ধে। বগুড়ার ধুনটে এ ঘটনা ঘটেছে। এরপর নুরুন্নবী ধুনট থানায় নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে থেকে জানা গেছে, ধুনটের গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া নয়ন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পরিবারের সদস্যরা গত বছরের ২১ নভেম্বর তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। সেখান থেকে ৭ ডিসেম্বর সে বাড়ি ফিরে আসে এবং মাদকসেবন শুরু করে। নয়ন মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারধর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো। এরই ধারাবাহিকতায় ১৫ জুন মাদক কেনার জন্য বড় ভাই নুরুন্নবীর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে নয়ন ২১ জুন সহযোগী মাদকসেবীদের নিয়ে নুরুন্নবীর ৩২ শতক জমি দখলের চেষ্টা করে।
নুরুন্নবীর অভিযোগ করেন, তার ছোট ভাই কয়েক মাস আগে তার ৬০ শতক জমি দখল করেছে। এরপর সে (নয়ন) আবারও তার কাছে মাদকের টাকা চায়। টাকা না দেওয়ায় তার ৩২ শতক জমি দখলের জন্য সেখানে হাল চাষ করেছে। তার অত্যাচারে পরিবারের কেউই বাড়িতে থাকতে পারছেন না।
তবে নয়ন অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে তার ভাই মিথ্যা অভিযোগ করেছেন।
ধুনট থানার ওসি খান এরফান জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








