আওয়ামী লীগ চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার (২ জুলাই) রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
খালিদ বলেন, ‘দেশের মানুষ দুর্নীতিবাজ ও দেশের টাকা পাচারকারী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপিকে রেড কার্ড দেখিয়ে বয়কট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির ওপর জনগণ আস্থা রেখেছে। খুলনা ও গাজীপুর তার প্রমাণ। দেশের মানুষ নৌকা প্রতীকের বিকল্প ভাবছে না। তারা তার প্রমাণ সাম্প্রতিক সময়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহীর জনগণকেও সারাদেশের স্রোতের সঙ্গে থাকতে হবে। নাহলে আপনি নিজেই পিছিয়ে যাবেন, উন্নয়নের স্রোত থেকে হারিয়ে যাবেন। এ ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহের নির্বাচনে আমাদের চূড়ান্ত বিজয় সূচিত হবে।’
তৃণমূল নেতাদের উদ্দেশে খালিদ বলেন, ‘ত্যাগি নেতাকর্মীরা একটু অভিমানি হয়। পাওয়া না পাওয়ার ক্ষোভ, নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। প্রধানমন্ত্রী আপনাদের মনের কথা বুঝতে পেরে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। শক্তিশালী তৃণমূলই আওয়ামী লীগের বড় শক্তি। আপনারা মনে করবেন কোনও প্রার্থীকে ভোট দিচ্ছেন না, শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। আপনারা বিশ্বনেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চাইবেন। এই রাজশাহীতে দুঃসময়ের আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের হাতে শেখ হাসিনা নৌকা তুলে দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনেও যোগ্য প্রার্থীদের হাতে নৌকা তুলে দেবেন।’
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল ইসলাম মিলন, নুরুল ইসলাম ঠান্ডু। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় জাহাঙ্গীর কবির নানক ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে দলীয় নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান।








