সিটি নির্বাচনে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজশাহীতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকালে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর কোর্ট ইন্সপেক্টর খুরশিদা বানু কণা।
গ্রেফতারকৃতরা হলেন পবা উপজেলা পশ্চিম জামায়াতের আমির আব্দুর রহিম (৪৫) ও একই উপজেলার পূর্ব জামায়াতের আমির জালাল উদ্দিন (৪২), গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন জামায়াতের আমির আয়নাল হক (৫০), একই উপজেলার মাটিকাটা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম (৫৫), ঋষিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আসলাম হোসেন (৫০), পাকুরিয়া ইউনিয়নের জামায়াতের রোকন নোমান আলী (৪৫) ও গোদাগাড়ী পৌরসভা শিবিরের রোকন সাদিকুল ইসলাম (২৮)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মহানগর পুলিশের কর্নহার থানার সাংসরিয়া কুড়িহাট এলাকার নিজ বাড়ি থেকে আব্দুর রহিমকে এবং বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালি থানার হাজরাপুকুর এলাকার নিজ বাড়ি থেকে জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সিটি নির্বাচনকে কেন্দ্র করে নাশকাতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রাজ্জাক খান জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ আলীম মাদ্রাসায় গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় সেখানে তারা গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।








