নওগাঁ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মানুষকে হাঁটতে উৎসাহিত করতে ব্যতিক্রম কর্মসূচি হাতে নিয়েছে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। এখন থেকে প্রতি শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় হাঁটার পাশাপাশি শহরের রাস্তাঘাট ও জনপদ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
এই কর্মসূচির আওতায় শুক্রবার (৬ জুলাই) ছিল প্রথম দিন। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড় থেকে হাঁটা শুরু করে কাজিরমোড়, বলিহার হাউস হয়ে উকিলপাড়া সড়ক ধরে বিহারি কলোনি গিয়ে শেষ হয়। এসময় রাস্তার দু’পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। সুন্দর পরিবেশ সুস্থ জীবন এই স্লোগানে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
জেলা প্রশাসক বলেন, নওগাঁ শহরে প্রতি শুক্রবার এই কর্মসূচি পালন করা হবে। হাঁটার পাশাপাশি একেক দিনে পৌরসভার একেক ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হবে।
এসময় পৌর মেয়র নজমুল হক সনি, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা কামরুজ্জামান, সদর উপজেলার নির্বাহী অফিসার মুশতানজিদা পারভীন, সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।








