ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার দ্বিতীয় উপ-উপাচার্য পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী দফতর থেকে ফাইল রাষ্ট্রপতির দফতরে অপেক্ষামাণ রয়েছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে।’ তবে কে হচ্ছেন দ্বিতীয় উপ-উপাচার্য সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এক প্রশ্নের জবাবে আনন্দ কুমার সাহা বলেন, ‘এই নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আমি অবগত নই। উপাচার্য মহোদয় হয়তো চেয়েছেন তাই এ নিয়োগ হচ্ছে। তবে দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ পেলে প্রশাসনিক ও একাডেমিক কাজ পরিচালনায় আরও গতি আসবে।’
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম উপ-উপাচার্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম উপ-উপাচর্য হিসেবে অধ্যাপক আমানুল্লাহ আহমদ ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫ থেকে ৬ ডিসেম্বর ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত ১২ জন উপ-উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অধ্যাপক আনন্দু কুমার সাহা ১২তম উপ-উপাচার্য হিসেবে ১৬ জুলাই ২০১৭ সালে নিয়োগ পান।







