সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজশাহীতে পুলিশের পাশাপাশি গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের যানবাহনের কাগজপত্র যাচাই করতে দেখা যায়। রোভার স্কাউটের শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র নিয়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে দিচ্ছেন। এসময় ওই পুলিশ কর্মকর্তা কাগজপত্র ঠিক আছে কিনা দেখছেন।
রবিবার (৬ আগস্ট) সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্ট গার্লস গাইড, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যদের ট্রাফিক পুলিশকে সাহায্য করতে দেখা যায়। বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সাত দিনব্যাপী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী মেট্রোপলিন পুলিশ (আরএমপি) কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম।
কমিশনার এ কে এম হাফিজ আক্তার সাধারণ জনগণের উদ্দেশে বলেন, ‘অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে রাস্তায় হাঁটবেন না বা রাস্তা অতিক্রম করবেন না। বয়স্ক, প্রতিবন্ধী ও শিশুদের রাস্তায় পার হতে সাহায্য করুন। অপ্রাপ্তবয়স্ক কেউ যানবাহন চলাবেন না।’
তিনি আরও বলেন, ‘সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বর্তমানে নগরীর বিভিন্ন পয়েন্ট গাড়ির কাগজ, চালকের লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র দেখা হবে। এগুলো না থাকলে মামলা দেওয়া হবে। এই সপ্তাহ সফল করতে সকলের সাহয্য সহযোগিতা কামনা করেন তিনি।
আরএমপি ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিসি ট্রাফিক অনিবার্ণ চাকমা, এসি ট্রাফিক ইফতে খায়ের আলম, ডিসি কাশিয়াডাঙ্গা জয়নুল আবেদিন, ডিসি ডিবি আলমগীর হোসেন ও বোয়ালিয়া থানার সহকারী পুলিশ কমিশনার একরামুল প্রমুখ।








