বগুড়া শহরতলির বারবাকপুর এলাকায় পৌরসভার বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্রী আয়েশা সিদ্দিকা আহত হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ১০ মিনিট প্রতিষ্ঠানের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। আয়েশা এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের বিজ্ঞান শাখার ছাত্রী।
এসওএস হারম্যান মেইনার স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার ঘোষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটে কলেজ ছুটি হলে আয়েশা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে মাটিডালির দিকে যাচ্ছিল। এসময় মাটিডালিগামী বগুড়া পৌরসভার বর্জ্যবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কলেজের সামনেই পেছন থেকে আয়েশাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গিয়ে হাত-পাসহ বিভিন্ন স্থানে আঘাত পায়। ঘটনার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে আয়েশাকে উদ্ধার করে স্থানীয় টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে সদর থানা ও বিভিন্ন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ট্রাকটি জব্দ এবং চালক ও হেলপারকে গ্রেফতার করে শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রায় ১০ মিনিট পর অবরোধ তুলে নেয়।
ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আম্বার হোসেন জানান, বর্জ্যবাহী ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্রী আহত হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে মহাসড়ক অবরোধ করে। দায়ীদের বিচারের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।








