প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল মন্তব্যের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত ওই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই শিক্ষার্থীর নাম মাহবুব আলম। তিনি ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজশাহীর পবা উপজেলায়। সোমবার (৬ আগস্ট) রাত ৯টায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পবার পারুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম বাদী হয়ে থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পরে রাত ১০টায় ওই শিক্ষার্থীকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।
পবা থানার ওসি মাসুদ পারভেজ বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ইস্যুতে মাহবুব তার ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মন্তব্য করেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মিনারুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’







