বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সিল্ক রাজশাহীর রেশম শিল্পের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই হবে। তিনি বলেন, ‘এমনভাবে প্রকল্প তৈরি করতে হবে যাতে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হয়। যে কোনও ধরণের প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয় পাশ করতে প্রস্তুত।’ রাজশাহীতে বৃহস্পতিবার (৯ আগস্ট) বিকালে ১০ম জাতীয় সংসদের বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড ওই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘রেশমকে সামনের দিকে এগিয়ে নিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবনা মোতাবেক কাজ করতে হবে। আন্তরিকতার সঙ্গে কাজ করলে যেকোনও প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।’
বৈঠকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বৈঠকে ‘বস্ত্র বিল ২০১৮’ এর বিলের দফায় কতিপয় সংযোজন ও বিয়োজন করে সংশোধন সাপেক্ষে জাতীয় সংসদে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি সারা দেশে রেশম চাষের মাধ্যমে দারিদ্র বিমোচন ও মেগা প্রকল্প গ্রহণ করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে অগ্রানোগ্রাম এবং স্কেল ভেটিং এর কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে আগামী ছয় মাসের মধ্যে চাষি ও বসনীদের ডাটাবেইজ প্রস্তুতকরণ করা ও কারখানা পরিচালনা বাবদ তহবিল সংগ্রহের জন্য রেশম চাষিদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভূক্ত করার জন্য সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও সাবের হোসেন চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, পাট অধিদফতর ও বস্ত্র অধিদফতরের মহাপরিচালক, তাঁত বোর্ডের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা।








