নির্বাচনি মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণের ভোট নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবার সরকার গঠন করে বিজয়ের হ্যাট্রিক মুকুট পরবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচনে জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।’
শনিবার (১১ আগস্ট) বিকালে যমুনা নদী বেষ্টিত কাজিপুরের দুর্গম চর কুমারিয়াবাড়ি মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ১৯৭০ সালের মতো গুরুত্বপূর্ণ নির্বাচন বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,‘এ নির্বাচনে ভোট দিতে ভুল হলে দেশে আবারও জঙ্গি উত্থান হবে। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হবে। বাঙ্গালি জাতীয়তাবাদ ধ্বংস হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে যাকে মনোনয়ন দেবেন— আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবে। নৌকার বিজয় ছিনিয়ে আনবে।’
এর আগে মনসুর নগর ইউনিয়নের নির্মাণাধীন সড়ক, কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
খালেদা জিয়ার দল বিএনপিকে নির্বাচনি মাঠেই আওয়ামী লীগ মোকাবিলা করবে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যে দল নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে জনগণ বের করে দেবে। খেলা হবে নির্বাচনি মাঠে। রেফারি থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাদের রায় দেবে, তারাই সরকার গঠন করবে।’
মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ির সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সরিষাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাহ প্রমুখ।








