বগুড়ার কাহালু থানা ও পৌর যুবদলের কমিটিতে পদ বঞ্চিত হওয়ার আশঙ্কায় কাহালু বাজার এলাকায় থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় বগুড়া-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেনের পোস্টারও ছিঁড়ে ফেলা হয়।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।
পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী অভিযোগ করেন, জেলা যুবদলের সভাপতি শিপার আল বখতিয়ার ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মোটা অংকের অর্থের বিনিময়ে ত্যাগীদের বঞ্চিত করে সুবিধাবাদীদের দিয়ে কমিটি ঘোষণা করবেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ে তালা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে শিপার আল বখতিয়ার বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত, নিষ্ক্রিয় ও সিনিয়রদের পরিবর্তে যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই; তাদের দিয়ে শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।’
পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী ও অন্যরা অভিযোগ করেন, কাহালু থানা ও পৌর যুবদলের কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে সুবিধাবাদীদের পদ দেওয়া হবে। এমন খবর প্রচার হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে তারা কাহালু বাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের তালা কেটে ফেলে দিয়ে নতুন করে তালা ঝুলিয়ে দেন। এছাড়া পদ বঞ্চিত করার নেপথ্যে আছেন সন্দেহে বিএনপি নেতা মোশাররফ হোসেনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিকালে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করার কর্মসূচি ছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় নেতাকর্মীরা তালা খুলে দলীয় কার্যালয়ে সমাবেশের আয়োজন করে। এ সময় পুলিশ আবারও বাধা দিলে কর্মসূচি ভণ্ডুল হয়ে যায়। আবারও কার্যালয়ে তালা দেওয়া হয়। অন্যান্যের মধ্যে থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মান্নান, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, তাজনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
যুবদল নেতা আবদুল মান্নান জানান, তিনিও পদ বঞ্চিত হয়েছেন। তবে তার কোনও অভিযোগ নেই। পৌর যুবদলের বঞ্চিতরা দলীয় কার্যালয়ে তালা দিয়েছেন।
কাহালু থানা বিএনপির আহ্বায়ক কাজী আবদুর রশিদ ও সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তারা দলীয় কার্যালয়ে তালা দেওয়ার ব্যাপারে কিছুই জানেন না।
কাহালু থানার এসআই দুলাল জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। তালা দেওয়ার বিষয়টি তার জানা নেই।
এদিকে বগুড়ার সোনাতলা উপজেলায় নাশকতার মামলায় রনি মিয়া (২৬) নামে এক বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনাতলা পৌরসভার গড়ফতেপুর গ্রামের মোজাম শেখের ছেলে। মঙ্গলবার বিকালে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে সোনাতলা থানার ওসি শরিফুল ইসলাম নিশ্চিত করেন।








