রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন যে শব্দগুলো ব্যবহার করেছিলেন, তার মধ্যে অন্যতম বাঙালি শব্দটি। তিনি সারাজীবন বাঙালি-বাঙালি করে গেছেন। বাঙালিকে অন্তর থেকে ভালোবেসেছেন, বাঙালির প্রতি তাঁর এই ভালোবাসা কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে (রুয়েট) প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন। তিনি জানতেন সেদিন রাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। পরদিন দায়িত্ব নেওয়ার জন্যে তিনি গভীর রাতে সেভ করেছিলেন, প্রস্তুতি নিয়েছিলেন। যে বঙ্গবন্ধু তাকে বারবার প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিলেন, সেই অকৃতজ্ঞ জিয়া নেপথ্যে থেকে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সন্তান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, আমাদের ভাগ্যে যা ঘটে গেছে, তা ঘটে গেছে। এখন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করে যেতে হবে। এই দেশ সোনার বাংলা হলে বঙ্গবন্ধু ও শহীদদের আত্মা শান্তি পাবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুরকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. আব্দুল আলীম, যন্ত্রকৌশল বিভাগের ডীন অধ্যাপক ড. শামীমুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশাররফ হোসেন ও ছাত্রকল্যাণ পরিচালক এনএইচএম কামরুজ্জামান সরকার।








