বগুড়ার নন্দীগ্রামে পারঘাটার জুয়ার আসরে অভিযান চালিয়েছেন থালতামাজ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন। এসময় জুয়ার আসর থেকে তিনটি মোটরবাইক জব্দ করা হয়। বুধবার (২৯ আগস্ট) রাতে চেয়ারম্যান এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান।
নন্দীগ্রামের কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘জুয়াড়িরা বগুড়ার নন্দীগ্রাম, কাহালু ও নওগাঁর রাণীনগর উপজেলার সীমান্তের পারঘাটা এলাকায় প্যান্ডেল টানিয়ে জুয়ার আসর বসায়। খবর পেয়ে সন্ধ্যায় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে জুয়ার আসরে অভিযান চালাই।’
মতিন আরও বলেন, ‘জুয়াড়িরা আমাদের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে তাদের প্যান্ডেল ভাঙচুর করে এবং সেখানে ফেলে যাওয়া জুয়ার সরঞ্জাম ও তিনটি মোটরসাইকেল জব্দ করে নন্দীগ্রাম পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।’
পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ‘এলাকাবাসী জুয়ার আসর থেকে জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেছেন। জুয়াড়িদের গ্রেফতারে চেষ্টা চলছে।’








