চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে জেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনব্যাপী চলচ্চিত্র দেখানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারা দেশের শত্রু, জাতির শত্রু। আর জঙ্গিবাদকে রুখতে হলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। এজন্য সচেতনতামূলক জঙ্গিবাদ বিরোধী চলচ্চিত্র প্রদর্শন বেশি বেশি করা প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় ‘ঘরে ফেরা’ চলচ্চিত্রটি।
আগামীকাল ১৩ সেপ্টেম্বর নামোশংকরবাটী ডিগ্রি কলেজ, ১৫ সেপ্টেম্বর নবাবগঞ্জ আলিয়া (কামিল) মাদ্রাসা, ১৬ সেপ্টেম্বর নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ ও ১৭ সেপ্টেম্বর হিরমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদবিরোধী এই চলচ্চিত্র দেখানো হবে।







