ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩১তম জন্মদিন উপলক্ষে পাবনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী মহোৎসব। সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুকূলচন্দ্রের জন্মস্থান পাবনার হেমায়েতপুর সৎসঙ্গ আশ্রমে উৎসবের উদ্বোধন করেন আশ্রমের উপদেষ্টা কমল সেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। বিশেষ অতিথি ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুণ্ডু।
দুইদিনের এই মহোৎসব কর্মসূচির মধ্যে রয়েছে সৎসঙ্গ কৃষ্টি পতাকা উত্তোলন, ধর্মীয় শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, বিশেষ প্রার্থনা, গঙ্গাস্নান, ধর্মীয় আলোচনাসহ নানা পূজাঅর্চনা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় রয়েছে ভক্তিমূলক গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) উৎসবের দ্বিতীয়দিনে সকালে প্রার্থনা সভা ও সম্বলপুর শিবগঙ্গা ঘটে গঙ্গা স্নানোৎসব অনুষ্ঠিত হবে।
১৩১ বছর আগে মহাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পাবনার হেমায়েতপুরে জন্ম গ্রহণ করেছিলেন। এখানেই তিনি বড় হয়েছেন। ভালোবেসেছেন মানুষকেআর চারপাশের সব কিছুকে। সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম-বর্ণের মানুষের মন জয় করেন। প্রতিবছর এই মহাপুরুষের জন্মদিনে তার ভক্তরা ছুটে আসেন এখানে। উৎসব সফল করতে আশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
এ উৎসবকে কেন্দ্র করে আশ্রমের মাঠে বসেছে মেলা। যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা রোধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। এ উৎসবে ভারত ও নেপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রায় ২০ হাজার ভক্ত অংশ নিয়েছেন।








