জাতীয় ঐক্য প্রক্রিয়ার নামে মহা চক্রান্তের ফাঁদ পাতা হয়েছে দাবি করে সবাইকে এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ডক্টর কামাল হোসেন এখন বিএনপি-জামায়াত উদ্ধারের প্রকল্প গ্রহণ করেছেন। শুধু তাই নয়, কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি-জামায়াতকে মাঝে রেখে পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ এক মঞ্চে দাঁড়িয়েছে।’ শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু আরও বলেন, ‘ডক্টর কামাল হোসেন এখন বাংলাদেশের নতুন আপদ। তার পাঁচ দফা দাবি আর বিএনপির দাবি হুবহু ফটোকপি।
এ দাবিগুলো সংবিধান পরিপন্থী এবং আইনসঙ্গত নয় দাবি করে তিনি জানান, এ সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব নয়।’
বাংলাদেশের উন্নয়নের ধারা ব্যাহত করতে, ঐক্য প্রক্রিয়া মূলত বিএনপি-জামায়াত রাজাকারের দলকে কারাগার মুক্ত করে দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে চায় উল্লেখ করে তিনি সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপি ক্ষমতার বাইরে থাকলে দেশ নিরাপদে এগিয়ে যাবে দাবি করে তিনি জানান, শেখ হাসিনার নেতৃত্বে জাসদ ও ১৪ দল ইস্পাত কঠিন হয়েই আগামী নির্বাচনে অংশ নেবে।
ডি এম আলম বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের মহাজোটের মনোনয়ন প্রত্যাশী আর ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন লালপুর-বাগাতিপাড়া আসনে মনোনয়ন প্রত্যাশী দাবি করে তিনি জানান, শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে তার হয়েই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
বড়াইগ্রাম উপজেলা জাসদের আয়োজনে পথসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু ও রোকুনুজ্জামান রোকন, জনসংযোগ সম্পাদক শরিফুল কবীর স্বপন, এবং বড়াইগ্রাম-গুরুদাসপুরে আসনের মহাজোট থেকে মনোনয়ন প্রত্যাশী ডি এম আলম প্রমুখ।








