রাজশাহীর পবা উপজেলায় মাছ ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতা মোহন আলীর (৩০) মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (০১ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি মারা যান। এর আগে গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস মোড়ে দুগ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে মোহন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মোহন আলী পবার ললিতাহার গ্রামের আবু হানিফের ছেলে। পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন তিনি।
এদিকে, মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে নগরীর খড়খড়ি বাইপাস সড়কে এই যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন তার স্বজন ও স্থানীয়রা।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাৎ হোসেন খান বলেন, ‘এ ঘটনায় ছয় জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারেও পাঠানো হয়েছে।’








