প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। রবিবার (৭ অক্টোবর) বেলা ১২টা থেকে ‘প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’র ব্যানারে তারা সেখানে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা ১১ দফা দাবি জানায়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সরকারি চাকরিতে বিনা শর্তে ৫% কোটা সংরক্ষণ, সরকারি, স্বায়ত্ত্বশাসিত, আধা-স্বায়ত্ত্বশাসিত চাকরির প্রিলি পরীক্ষা থেকে প্রতিবন্ধী কোটা কার্যকর, সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণি পর্যায়ে তরুণ প্রতিবন্ধীদের ম্যধ থেকে প্রতিনিধি রাখা, প্রতিবন্ধী মন্ত্রণালয়, জাতীয় প্রতিবন্ধী অধিদফতর করা, সরকারি ও বেসরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা।
আন্দোলনের আহ্বায়ক হুমায়ুন কবীর বলেন, ‘বাংলাদেশে বর্তমানে প্রায় দেড় কোটি প্রতিবন্ধী রয়েছে। এ বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এর আগে আমাদের জন্য মাত্র ১% কোটা ছিল, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সেটাও আবার তুলে দেওয়া হয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা ৫ % কোটা দাবি জানাচ্ছি।’ আগামীকালের মধ্যে এ দাবি মেনে নেওয়া না হলে অনশন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, একই দাবিতে শনিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা।








