রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রবিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী নগরীর বিমানবন্দর থানার বৈরাগিপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান, রবিবার সকালে একটি পণ্য ভর্তি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি রাজশাহী-ঢাকা মহাসড়কের তারাপুর নামক স্থানে এলে পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ইমন আলী মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউন জানান, আশঙ্কাজনক অবস্থায় সুজনকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতলের নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে। এছাড়া ইমনের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। ট্রাকটি চাপা দেওয়ার পর পালিয়ে গেছে। ট্রাকটি আটকের জন্য চেষ্টা চলছে। দু’জন নিহতের এ ঘটনায় মামলা হবে।







