চাঁপাইনবাগঞ্জের জহুরপুর টেক সীমান্তে ডালিম নামে এক বাংলাদেশি রাখালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে। শনিবার (৩ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। নিহত ওই রাখাল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মংলু মাঝির ছেলে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন হুদা ও স্থানীয়রা জানান, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর টেক সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৪ এলাকা দিয়ে গরু আনতে যায় একদল বাংলাদেশি রাখাল। এসময় পাতলা টোলা ক্যাম্পের বিএসএফ জওয়ানরা ডালিমকে ধরে ফেলে এবং রাইফেল দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে ডালিমের সঙ্গীরা তার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
পাকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘ডালিমের সঙ্গীরা রবিবার ভোর ৬টার দিকে তার লাশ বাড়িতে নিয়ে আসে। পরে তার লাশ দাফন করা হয়। নিহতের দেহে কোনও গুলির চিহ্ন নেই তবে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি, কিন্তু নিশ্চিত নই যে বিএসএফই তাকে হত্যা করেছে কিনা। আমরা খোঁজখবর নিচ্ছি প্রকৃত তথ্য উৎঘাটনের জন্য।’
তিনি আরও বলেন, ‘ঘটনা সত্য হলে এ বিষয়ে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবো।’








