কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, ‘বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা দেয়নি। শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছেন।’ শুক্রবার (৯ নভেম্বর) বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আওয়ামী লীগই প্রথম নুরু মোল্লাকে ধর্মমন্ত্রী বানিয়ে রাজাকারের গাড়িতে পতাকা দিয়েছে। আওয়ামী লীগের আমলে পুলিশে ভর্তি হতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ১০ লাখ করে টাকা দিতে হয়েছে।’
জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিএনপির সভায় আসেনি। ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের সভায় এসেছি। আপনাদের ৯০ ভাগই ধানের শীষের। তাই বলি, রাজনীতি মানে খালেদা জিয়া। তাকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে বলেছিলাম, আলোচনায় বসুন। তিনি বসেননি। এবার আলোচনায় বসেছেন। যেদিন আলোচনায় বসেছেন, সেদিনই আপনাদের বিজয় হয়েছে। আপনারা কি শেখ হাসিনাকে ক্ষমতায় চান?’
কাদের সিদ্দিকী বলেন, ‘টাঙ্গাইল থেকে সড়কপথে এসেছি, রাস্তায় রাস্তায় বাধা এসেছে। আমাকেও ফেরাতে পারেনি। এই মাঠের মানুষদেরও পারেনি। হাসিনা কথা দিয়েছিলেন, জনসভায় বাধা দেবেন না। কিন্তু আমার গাড়ি পাঁচবার ধরেছে। তারপর আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি খুঁজে বের করবো। তাদের মাথা আমি ঘুরাই দেবো।’
তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতিতে এসেছি। যতদিন বেঁচে থাকবো, বঙ্গবন্ধুকে হৃদয়ে ধরে বেঁচে থাকবো।’
এদিকে, সমাবেশ শেষ করে ফেরার পথে রাজশাহী মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এলে কাদের সিদ্দিকীকে ‘জাতীয় বেঈমান’ বলে গালিগালাজ করা হয়।








