বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের পর অবরোধ কর্মসূচি তুলে নিয়েছেন ট্রাক চালক ও শ্রমিকরা। তারা হলেন, উপ-পরিদর্শক নূর আলম ও সহকারী উপ-পরিদর্শক এসএম জাকির। বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল বিভাগের দায়িত্বরতরা একথা জানিয়েছেন।
পুলিশের বেপরোয়া চাঁদাবাজি ও ট্রাক চালককে মারধরের ঘটনায় শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে সেতুর পূর্ব পাড়ে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেন ট্রাক চালক ও শ্রমিকরা। শনিবার ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে বিক্ষুব্ধারা অবস্থান নেওয়ায় সেতুর দুই পাড়েই তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) নিয়ন্ত্রণাধীন সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের লোকজন ও সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, আসাদ আহম্মেদ এবং সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান ঘটনাস্থলে এসে দোষীদের উপযুক্ত বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
অবরোধের কারণে সেতুর দু’পাড়ে সিরাজগঞ্জের সয়দাবাদ ও টাঙ্গাইলের ভুয়াপুরে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রী সাধারণরা। ১০টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
সেতু পূর্ব থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, সেতুর পূর্ব পাড়ে ট্রাক পরিবহন শ্রমিকদের সঙ্গে থানা পুলিশের দ্বন্দ্বের কারণে বিক্ষুব্ধ ট্রাক শ্রমিকরা শনিবার ভোরে মহাসড়কে অবস্থান নেন। বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে স্থানীয় চালক ও শ্রমিকরাও আন্দোলনে যুক্ত হন। সকাল ১০টার পর পরিস্থিতি শান্ত হয়।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল বিভাগের সহকারী ম্যানেজার শামসুর রহমান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক সেতু পূর্ব পাড়ে ট্রাকটি আটকে গাড়ির বৈধ কাগজপত্র নেই, এমন অজুহাতে ট্রাক চালক বকুল শেখের কাছে সেতু পূর্ব থানার দুই পুলিশ কর্মকর্তা চাঁদা দাবি করেন।
তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, প্রতিমাসেই তো এখানে আমরা মাসিক চাঁদা দেই। তারপরেও এত ঝামেলা করছেন কেন। বকুলের এমন প্রতিবাদী কথা শুনে তারা তাকে বেধড়ক মারধর করেন।
বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী আহসান কবির পাভেল বলেন, এ ধরনের ঘটনা আজ নতুন নয়, এখানে বারবার এ ধরনের চাঁদাবাজির ঘটনা ঘটছে।
সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় ট্রাক শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ করেন। বিষয়টি নিয়ন্ত্রণে আমরা ব্যর্থ হলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা ছুটে এসে তা নিয়ন্ত্রণ করেন। সেতু পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত এক উপ-পরিদর্শক নুর আলম ও সহকারী উপ-পরিদর্শক জাকির হোসেনকে ঘটনার পরই প্রত্যাহার করার পরই পরিস্থিতি শান্ত হয়।







