শান্তি ও উন্নয়নের জন্য দেশের জনগণ আবারও নৌকায় ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘গ্রামগঞ্জে নির্বাচনি উৎসব শুরু হয়েছে। নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনে নৌকার কোনও বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়। শান্তি ও উন্নয়নের জন্য জনগণ আবারও নৌকায় ভোট দেবে।’ বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে হরিনাথপুর আমিনা মনসুর ডিগ্রি কলেজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
শেখ হাসিনা সরকার গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে নাসিম বলেন, ‘দেশের মানুষ জ্বালাও পোড়াওয়ের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি যারা করে, সেই দলকে মানুষ আর ভোট দেবে না।’
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, ‘নির্বাচন হবে, জনগণও নির্বাচনমুখী। সরকার দেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দায়িত্ব সরকারের একার নয়। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলেরও দায়িত্ব রয়েছে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার। জনগণকেও এগিয়ে আসতে হবে। কোনোভাবেই নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটানো যাবে না।’
আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘কোনও অপশক্তি যেন শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকাতে হবে। নির্বাচন নিরপেক্ষ হবে। নির্বাচনে জনগণ যাদের রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবেন। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।’
আমেরিকায় ট্রাম্প প্রশাসন ক্ষমতায় থাকার পরও নির্বাচনে ট্রাম্পের দল হেরে যাওয়ার দৃষ্টান্ত তুলে ধরে নাসিম বলেন, ‘মালয়েশিয়া ও ভারতসহ অনেক দেশেই ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়। বাংলাদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। জনগণ ভোটের মালিক। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনও সুযোগ নেই। কোনও অপশক্তি দেশের ওপর ভর করুক তা কারো কাম্য নয়।
এর আগে নির্মাণাধীন কাজিপুর উপজেলা পরিষদ, পাঁচশ আসনবিশিষ্ট শহীদ এম. মনসুর আলী অডোটোরিয়াম পরিদর্শন শেষে স্থানীয় দলীয় কার্যালয়েও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নাসিম। মতবিনিময় সভায় সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।








