সামাজিক প্রচার অভিযানের মাধ্যমে আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন করেছে মাগুরা পুলিশ। বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসায়, খোলা মাঠে ও মিলনায়তনে বিভিন্ন পেশা এবং শ্রেণির মধ্যে এসব প্রচার অভিযান চালানো হচ্ছে।
মাগুরা জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ মাস ধরে বিভিন্ন পেশা ও শ্রেণির মধ্যে প্রচার অভিযান চালিয়ে আসছে জেলা পুলিশ। সাধারণত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়। আগে জেলায় যেখানে মাসে ১০০ থেকে ১৫০টি অপরাধ সংগঠিত হতো বর্তমানে তা কমে ৭০ থেকে ৮০ তে দাঁড়িয়েছে।
বিভিন্ন মসজিদে সাধারণত বাদ-জুমা এই প্রচারাভিযানের আয়োজন করা হয়। এখানে সাধারণত মসজিদের ইমাম ও পুলিশের কর্মকর্তারা জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকরা থাকছেন। এছাড়া বিভিন্ন খোলা মাঠ,মিলনায়তনে সামাজিক ও রাজনৈতিক নেতারা বক্তব্য রাখছেন।
মাগুরার সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রতন কুমার মিত্র বলেন,‘পুলিশের প্রচারাভিযান মাগুরার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে পাল্টে দিয়েছে। বর্তমানে মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসজনিত মামলা এখন আগের চেয়ে অনেক কম।
সমাজবিজ্ঞানের শিক্ষক আব্দুর রউফ বলেন,‘যে কোনও সমস্যায় জনমত গঠন জরুরি। শুধু আইন প্রয়োগ করে অপরাধ কমানো যায় না। মাগুরা জেলা পুলিশ যে উদ্যোগ নিয়েছে তা অবশ্যই সমাজে একটু হলেও শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, ‘আমরা মনে করি অপবরাধ নিয়ন্ত্রণে পুলিশের একক ভুমিকা যথেষ্ট নয়। আমরা চেষ্টা করছি সব শ্রেণির মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত করতে। সবচেয়ে আনন্দের ব্যাপার এই যে আমরা ভালো ফলাফলও পাচ্ছি।







