চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের পর এবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ -৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক এমপি হারুন-অর-রশিদকে সংবর্ধনা দেয় দলের নেতাকর্মীরা। এর আগে শহরের বালিয়াঘাট্টা এলাকায় নেতাকর্মীরা তাকে বরণ করে নেয়। পরে একটি শোডাউন করে।
সংক্ষিপ্ত সভায় বিএনপির নেতা সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, ‘আজকে থেকে নির্বাচনের তিনদিন পর পর্যন্ত সব কিছু হারাম করে আপনাদের কাজ করতে হবে। গত ১০ বছর অবৈধ আওয়ামী লীগ সরকার জগদ্দল পাথরের মতো সাধারণ মানুষের বুকে চেপে বসেছিল। সাধারণ মানুষের বুক থেকে সেই পাথর সরাতে হবে।’
হারুন-অর-রশিদ বলেন, ‘আগামী ১০ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক নিয়ে আমরা প্রচারণায় নামবো। ধানের শীষের ভরে নৌকাকে এবার ডুবাতে হবে এবং সারাদেশে ধানের শীষের ভারে নৌকা ডুববে।’
সভায় এ আসনের বর্তমান এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ পাওয়া গেছে। এটাকে নির্বাচনি আচরণবিধির লংঘন বলে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
পরপর দু’দিন দুই দলের আচরণবিধি লঙ্ঘনের বিষয় নিয়ে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক বলেন, ‘এ বিষয়ে দু’টি দলেরই নেতাদের ডেকে মৌখিকভাবে সর্তক করা হয়েছে। তারা জানিয়েছেন তারা বিষয়টি জানতেন না। তবে আগামীতে এ ধরনের কোনও ঘটনা ঘটবে না।’
তিনি আরও বলেন, ‘২৮ নভেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে। প্রত্যেক দলের নেতাদের আচরণবিধির বুকলেট দেওয়া হবে। এরপরও কোনও দলের নেতাকর্মীরা তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সোমবার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল ওদুদকে ফুলেল সংবর্ধনা ও বিশাল মটরসাইকেল শোডাউন করে দলটির নেতাকর্মীরা। আর এ নিয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা।








