বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দলের নেত্রীর পক্ষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহম্মাদের কাছে মনোনয়নপত্রটি জমা দেন।
এ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবর রহমানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকালে একই আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে উপস্থিত হয়ে অথবা তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
ওই আসনের জন্য জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাও তার মনোনয়নপত্র জমা দেবেন। এ ছাড়া ওই আসনে বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রসঙ্গত, বিচারিক আদালতে কোনও ব্যক্তি ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মঙ্গলবার (২৭ নভেম্বর) হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার (২৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাজা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত কিংবা বাতিল হলে ওই ব্যক্তির নির্বাচনে অংশ নিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এ অবস্থায় খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত বলে ধারণা করছেন দলটির নেতাকর্মীরা। যে কারণে তার আসনে একাধিক বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।








