পাবনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামিম ওরফে মিম (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। আজ শুক্রবার (ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মিম চর ঘোষপুর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘চর ঘোষপুর এলাকায় কিছু তরুণ-কিশোর গ্রামের পাশে স্লুইস গেট এলাকায় ক্রিকেট খেলার আয়োজন করে। বেলা ১২টার দিকে একই গ্রামের অনিক (২০) তাদের সঙ্গে খেলতে যেতে চাইলে মিম তাকে নিষেধ করে। এ নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতণ্ডার একপর্যায়ে অনিক সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে মিমের পিঠে আঘাত করলে মিম মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ওয়াজেদ (২১) নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।’








