রাজশাহীর চারঘাট উপজেলায় বিদেশি পিস্তল, ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সুজন ওরফে জলিল নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। সে উপজেলার ইউসুফপুর কান্দিপাড়া এলাকার মহসিনের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান জানান, শুক্রবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাঙ্গন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী সুজনকে আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, গত বুধবার দিবাগত রাতে নগরীর শালবাগান পাওয়ার হাউস মোড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ আলম ওরফে কালু (২৮) নামের অপর একজনকে গ্রেফতার করা হয়। সে নগরীর শিরোইল আসাম কলোনির এলাকার মৃত বাদশার ছেলে।
রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান পাওয়ার হাউস মোড় এলাকায় অভিযান চালিয়ে কালুকে গ্রেফতার করা হয়। এসময় কালুর দেহ তল্লাশি করে একটি দেশি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।







