পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী হার্ডিঞ্জ ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যাত্রী হতাহতের ঘটনায়পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা (ডিটিও)আবদুল্লাহ আল মামুনকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। তিনি জানান, শুক্রবার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন, সদস্য সচিব পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী মনিরুজ্জামান মনির, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) শেখ হাসানুজ্জামান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজাউন রহমান, বিভাগীয় চিকিৎসক সুজিত কুমার সাহা।
সংশ্লিষ্ট বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিভাগীয় কমান্ডেন্ট রেজাউন রহমান জানান, যে কোনও অবস্থায় ট্রেনের ছাদে যেন কোন যাত্রী ভ্রমণ না করেন তা নিশ্চিত করার দায়িত্ব স্টেশনের নিরাপত্তা কর্মী ও জিআরপি রেলওয়ে পুলিশের। যাত্রী হতাহতের ঘটনায় তাদের দায়িত্ব ও কর্তব্যে কোন গাফিলতি আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর স্টেশনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় শুক্রবার ভোর ৫টার দিকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে দুইজন নিহত ও সাত জন আহত হয়। ব্রিজের গার্ডারের ধাক্কায় তার নিচে পড়ে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।








