আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দরের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধুর আশীর্বাদপুষ্টরা আজ নীতিভ্রষ্ট। নৌকায় ভোট দিয়ে জনগণ এর সমুচিত জবাব দেবে। নীতিহীন মানুষদের জনগণ কখনই সমর্থন করেন না।’
বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে পাবনার ঈশ্বরদীতে ১৪ দলীয় মহাজোটের কেন্দ্রীয় নেতাদের নিয়ে নৌকার গণসংযোগকালে এক পথসভায় তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘তিন টার্ম প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা বিশ্বে অভূতপূর্ব সফলতা দেখিয়েছেন। জঙ্গি দমন করেছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, দারিদ্র্য বিমোচন করেছেন। এতে সারাদুনিয়া আজ স্বীকার করে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’
তিনি আরও বলেন, ‘কয়েকটি সূচকে আজ আমরা ভারত থেকে এগিয়েছি। আর পাকিস্তানের চেয়ে আরও অনেক বেশি এগিয়েছি। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান হতাশা প্রকাশ করে বলেন, কেন আমরা বাংলদেশের চেয়ে পিছিয়ে রইলাম।’
নাসিম বলেন, ‘আমি বিশ্বাস করি, কৃতজ্ঞ বাঙালি জাতি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিপুল ভোটে নৌকা মার্কাকে বিজয়ী করবে। সারাদেশেই আজ নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
এসময় মহাজোটের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আজাদ আহমেদ মুক্তা, পাবনা-৪ আসনের নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. শাহাদত হোসেন, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় সভাপতি এস কে সিকদার, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লালসহ অনেকে উপস্থিত ছিলেন।








