পাবনায় ধর্মীয় উষ্কানীমূলক লিফলেট ও জিহাদী বই বিতরণে সময় জামায়াতের ছয় নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন।
আটককৃতরা হল, পাবনা পৌরসভার শালগাড়ীয়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী শামছি খাতুন (৫৬), বেলতলা এলাকার আবুল কাশেমের স্ত্রী সেলিমা খাতুন (৫৩), মৃত মোহাম্মদ আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৪), মালিগাছা ইউনিয়নের আব্দুর রশিদের স্ত্রী মাহমুদা খাতুন (৫৫), চর শংকরপুর এলাকার নুরুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৩৪) এবং ঘরনাগরা এলাকার রবিউল ইসলামের স্ত্রী যুথী ইসলাম (২৬)।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, বুধবার দুপুরে জামায়াত শিবিরের ছয় নারী কর্মী মালঞ্চি এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইনের পক্ষে প্রচারণা চালাতে যায়। এ সময় তারা বিভিন্ন উষ্কানীমূলক ধর্মীয় লিফলেট ও জিহাদী বই বিতরণ করতে শুরু করলে স্থানীয়রা তাদের আটক করে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিহাদী বই ও লিফলেটসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকৃতদের জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








