পাবনার ঈশ্বরদী উপজেলা বিএনপি কমিটি বাতিল এবং পৌর বিএনপি কমিটি স্থগিত করার প্রতিবাদে পাবনা-৪ আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ঝাটা মিছিল এবং তার কুশপুত্তলিকা দাহ করেছে বাতিলকৃত উপজেলা কমিটি।
শনিবার (২২ ডিসেম্বর) ঈশ্বরদী রেল গেটে বিএনপি কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। পরে পুরাতন বাসস্ট্যান্ডে ঈশ্বরদী তৃণমূল বিএনপি সমাবেশ করে।
সমাবেশে বাতিল করা উপজেলা কমিটির সভাপতি শামসুদ্দিন মালিথা বলেন, ‘আওয়ামী লীগের কাছে ধানের শীষ বিক্রি করে দিয়েছে। তাই লজ্জাজনকভাবে এবারে এই পাবনা-৪ আসনে হাবিবের ধানের শীষের জামানত বাজেয়াপ্ত হবে।’
তিনি আরও বলেন, ‘তৃণমূলের জনপ্রিয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে হাবিবই ষড়যন্ত্র করে ঢাকায় গ্রেফতার করিয়ে কারারুদ্ধ করেছে। হাবিবের কথায় কেন্দ্র কর্তৃক অগণতান্ত্রিকভাবে ঈশ্বরদী উপজেলা বিএনপি বাতিল এবং পৌর বিএনপি স্থগিতের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।’
খালেদা জিয়া, জাকারিয়া পিন্টুসহ সব বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ হতে আসা হাবিব গত ২০ বছর ধরে এজেন্ট হিসেবে কাজ করায় এই আসনে ধানের শীষ বারবার পরাজিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর হাবিবের নিজ গ্রাম সাহাপুরে জেলা কমিটির নেতাদের উপস্থিতিতে ধানের শীষের পক্ষে প্রচারে নামতে বিএনপির বর্ধিত সভার আযোজন করা হয়। এই সভায় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস ছাড়া উপজেলা ও পৌর কমিটির তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত ছিলেন। সভায় দুই দিনের মধ্যে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়। মেয়াদ শেষ হলেও তৃণমূল নেতাকর্মীরা আগের অবস্থানে অটল থাকায় ১৯ ডিসেম্বর জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন ঈশ্বরদী উপজেলা কমিটি বিলুপ্ত এবং পৌর কমিটির কার্যক্রম স্থগিত করে।








