বগুড়া পুলিশ গত মঙ্গলবার ও বুধবার রাতে বিভিন্ন স্থান থেকে নাশকতার মামলায় এক নারীসহ বিএনপির তিন জনপ্রতিনিধিকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তারা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম, বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জেলা জাসাসের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পশারী হিরু এবং সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলী ইমরান রনি।
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ জানায়, বুধবার বিকালে শহরতলির বাঘোপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি জনসভা শেষে বিউটি বেগম শহরে আসেন। সদর থানা পুলিশ রাত ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সদর থানা ওসি এসএম বদিউজ্জামান জানান, বিউটি বেগম গত ২২ ডিসেম্বর রাতে শিবগঞ্জের কাগইলের রাস্তায় বগুড়া-২ আসনে মহাজোট প্রার্থী জাপা নেতা শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনি অফিসের মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল হক ভুঁঞা জানান, বগুড়া পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু শহরের কৈপাড়া এলাকায় সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমরের পথসভায় ককটেল হামলা মামলার আসামি। মঙ্গলবার গভীর রাতে হিরুকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ মামলায় উপশহর থেকে লাজিজ আহমেদ নামে বিএনপি কর্মীসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবি পুলিশের ইন্সপেক্টর নুরে আলম সিদ্দিকী জানান, সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলী ইমরাম রনি স্থানীয় থানায় একটি নাশকতার মামলার আসামি। বুধবার রাতে তাকে শহর থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে যুবলীগ নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় এক বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদরের শেখেরকোলা গ্রামে নির্বাচনে সমর্থন নিয়ে বিরোধের জের ধরে বুধবার বিকালে প্রতিপক্ষরা শেখেরকোলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজামকে ছুরিকাঘাত করেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় জড়িত থাকায় জনগণ বুধবার রাতে নুরুইল মধ্যপাড়ার খয়বর আলীর ছেলে বিএনপি কর্মী মানিককে আটক করে সদর থানা পুলিশে দেন। বৃহস্পতিবার সকালে এ খবর পাঠানোর সময় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।








