বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মহাজোট প্রার্থীর কর্মী আলমগীর হোসেনের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ৬ জনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বুধবার রাতেই বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার মাস্টারপাড়া রাস্তার মোড়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
গ্রেফতার আসামিরা হলেন, দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া উপজেলা যুবদল নেতা ইদ্রিস আলী, রেজাউল করিম রতন, ছাত্রদল নেতা জাহিদ হাসান রোস্তম, জাকিউল ইসলাম ও কল্লোল।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার বিকালে দুর্বৃত্তরা উপজেলার মাস্টারপাড়া রাস্তার মোড়ে ওই আসনের মহাজোট প্রার্থী জাপা নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের কর্মী আলমগীর হোসেনের মোটর সাইকেলে আগুন দেয়। এ ঘটনায় ওই রাতেই আলমগীর হোসেন দুপচাঁচিয়া থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ জনের নাম উল্লেখসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারে উল্লেখ ৬ আসামিকে গ্রেফতার করে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।








