বগুড়ার ধুনটে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের পোস্টার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে আব্দুল হামিদ (৩৬) নামে এক যুবলীগ নেতাকে পিটিয়ে আহত করেছেন ধানের শীষের কর্মী সমর্থকরা।
শুক্রবার দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শ্যামগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে আওয়ামী লীগের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে। শুক্রবার সকালে মথুরাপুর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল হামিদ পোস্টার ছেঁড়ার বিষয়ে বিএনপি নেতা আনোয়ারুল ইসলামের কাছে জানতে চান। এতে বিএনপি নেতা ক্ষিপ্ত হন। একপর্যায়ে বিএনপি নেতা আনোয়ারুল, চপল, আমিনুল, মুকুলসহ ১০/১২ জন একত্রে আব্দুল হামিদকে পিটিয়ে আহত করেন।
ধুনট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু জানান, বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের ধানের শীষের কর্মী সমর্থকরা আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের নৌকার পোস্টার ছিঁড়ে ফেলেছে। এর প্রতিবাদ করলে যুবলীগ নেতা আব্দুল হামিদকে পিটিয়ে আহত করেছে ধানের শীষের কর্মী সমর্থকরা। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ধুনট উপজেলার বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুন বলেন, ‘এটা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমাদের কোনও লোক এর সঙ্গে জড়িত না।’
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








