দলীয় প্রার্থী শূন্য বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে সমর্থন দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া-৭ আসনে সাধারণত বিএনপির পক্ষে এমপি পদে নির্বাচন করেন খালেদা জিয়া। তিনি কারাগারে থাকায় এবার প্রার্থী হতে পারেননি। তাই এই আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন এবং শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদলকে বিকল্প প্রার্থী করা হয়েছিল। উপজেলা চেয়ারম্যান পদের পদত্যাগ গৃহীত না হওয়ায় এবং মিল্টনও পদত্যাগ না করায় তাদের মনোনয়ন বাতিল হয়। ফলে আসনটি বিএনপি প্রার্থী শূন্য হয়।
এই আসনে মোট সাত জন প্রার্থী থাকলেও, প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল মহাজোট প্রার্থী এই আসনের বর্তমান সংসদ সদস্য জাপা নেতা মুহম্মাদ আলতাফ আলীর এবং স্বতন্ত্র প্রার্থী শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিনের শ্বাশুড়ি ফেরদৌস আরা খান মিনারের। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে (ট্রাক মার্কা) বিএনপির সমর্থন দেওয়া হয়েছে। ফলে এই আসনে এখন বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাবলু।
রেজাউল করিম বাবলু এর সত্যতা নিশ্চিত করে বলেন,‘তিনি বিপুল ভোটে জয়ী হয়ে এমপি হবেন।’
যদিও, এই আসন বিএনপির প্রার্থী শূন্য হওয়ার পর, গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) আসনটিতে কাউকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।








