নওগাঁর অভ্যন্তরীণ সব রুটে শনিবার (৫ জানুয়ারি) দুপুর থেকে ফের বাস চলাচল শুরু হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের হস্তক্ষেপে দুপক্ষের সমঝোতায় বাস চলাচল শুরু হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও দূরপাল্লার বাস মালিক ওমর ফারুকের বিরুদ্ধে নিয়ম না মেনে নওগাঁ- ঢাকা রুটে দূরপাল্লার বাস চলাচলের অভিযোগ এনে শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। বাস চলাচল শুরু হওয়ায় ভোগান্তির হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা।
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক সম্প্রতি ফারুক এন্টারপ্রাইজের ব্যানারে নিয়ম ভেঙে নওগাঁর মান্দা ফেরিঘাট থেকে ঢাকা পর্যন্ত দূরপাল্লার বাস চলাচল শুরু করেন। তাকে নিয়ম মেনে বাস চালাতে মৌখিক ও লিখিতভাবে বলে নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। কিন্তু কোনও কিছুর তোয়াক্কা না করে বাস চালানো অব্যাহত রাখে ওমর ফারুক। এই অবস্থায় শুক্রবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রাখে সড়ক পরিবহন মালিক গ্রুপ। তবে জেলা প্রশাসকের কার্যালয়ে এ নিয়ে বৈঠকের পর বাস চলাচল শুরু হয়েছে শনিবার দুপুর থেকে।
এ ব্যাপারে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ওমর ফারুক বলেন, ‘আমার বিরুদ্ধে নিয়ম ভেঙে দূরপাল্লার বাস চালানোর যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়। নিয়ম মেনে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমার ৫টি গাড়ি নওগাঁ-ঢাকা রুটে চলাচল করছে। কিন্তু হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোনও আলোচনা বৈঠক ছাড়াই সড়ক পরিবহন মালিক গ্রুপ শুক্রবার সকালে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রী ও মোটর শ্রমিকরা ভোগান্তির মধ্যে পড়েন।’
নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমার বাসভবনে ত্রিপক্ষীয় বৈঠকের পর দুপুর থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’








