রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আখলাকুজ্জামান আনসারী (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। সে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের কাজী মোহাম্মদ আবু সাঈদের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কলাবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৫ জানান, আখলাকুজ্জামান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি মমতাজ বেগম, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল আজিজ, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিয়ানমারের নেত্রী অং সান সুচির ছবি বিকৃতি করে ফেসবুকে প্রকাশ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হয়ে র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আখলাকুজ্জামান আনসারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।








