সন্তানের অবহেলায় নওগাঁ জেলার এক বৃদ্ধাকে দীর্ঘদিন ধরে গোয়াল ঘরের পাশে রাত কাটাতে হচ্ছিল। সক্ষম সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ মাকে গোয়াল ঘরের পাশে থাকতে দেওয়ার এই ঘটনার কথা জানতে পেরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ধামইরহাট উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট ভুক্তভোগী মায়ের নাম জোবেদা বেগম (৬৫)। তিনি ধামইরহাট উপজেলার মঙ্গলকোটা গ্রামের বাসিন্দা। তার দুর্দশার খবর জানতে পেরে নির্বাহী কর্মকর্তা গনপতি রায় গত মঙ্গলবার (০৮ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন টিএইচএ ডা. আতাউর রহমান। সেখানে জবেদা বেগমকে চিকিৎসা সেবার পাশাপাশি নতুন পোশাক, টিনশেড ঘর, কম্বল, বালিশসহ অন্যান্য সামগ্রী দেওয়া হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়ের ভাষ্য, ‘জনগনের জন্যই প্রশাসন। আমরা সবার সুস্থ্য জীবন নিশ্চিতে বদ্ধপরিকর। যেকোনও দুর্যোগে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন সব সময় ছিল এবং আগামীতেও থাকবে।’








